মোঃ ওমর ফারুক রাজুঃ চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটে নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সভায় তিনি যোগ দেন।
সভাকে ঘিরে হোটেলের ভেতরে যেমন দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল, তেমনি বাইরে জড়ো হন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক। এতে হোটেলসংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ এমপি।
সভায় চট্টগ্রাম মহানগর বিএনপি, চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং চট্টগ্রামে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে সভাস্থলের বাইরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর দলীয় শীর্ষ নেতৃত্বের এমন সরাসরি উপস্থিতি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
