আখালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে শতাধিক চারা রোপণ কার্যক্রমের শুভ সূচনা

by The Justice Bangla

সিলেট প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সিলেট সদর ও সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদের উদ্যোগে আখালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে আখালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি দপ্তরসহ প্রতিটি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চারা রোপণ কর্মসূচিতে আখালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর পাল এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল উদ্দিন।

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় আখালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে, যা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

;