নিজস্ব প্রতিবেদক | সিলেটঃ সিলেট সদর উপজেলার চেঙ্গেরখাল নৌপথে ইউনিয়ন পরিষদের ট্যাক্স ও ‘মার্কম্যান’ ফি-এর নামে দীর্ঘদিন ধরে নৌযান থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের দাবি, বছরের পর বছর ধরে চলা এ চাঁদাবাজির কারণে নৌপথ ব্যবহারকারী শ্রমিক, মাঝি ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হলেও মূলহোতা এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে।
সারি-গোয়াইন নদীর চেঙ্গেরখাল অংশটি ভোলাগঞ্জ, জাফলংসহ সীমান্তবর্তী এলাকা থেকে উত্তোলিত বালু ও পাথর পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন শত শত নৌযান এ পথ ব্যবহার করলেও বিভিন্ন অজুহাতে নৌযান থেকে টাকা আদায়ের অভিযোগ বহুদিনের। বিশেষ করে বর্ষা মৌসুমে এ চাঁদাবাজি আরও বেড়ে যায় বলে অভিযোগ করেছেন নৌযান শ্রমিক ও ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার নোয়াটিলা এলাকার বাসিন্দা কবির আহমদ নিজেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ‘মার্কম্যান’ পরিচয় দিয়ে কয়েক বছর ধরে একটি চক্র পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। তবে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানিয়েছেন, চেঙ্গেরখাল এলাকায় কবির নামে কোনো ব্যক্তি ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত মার্কম্যান কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
গত ১৯ জুন ব্যবসায়ী আজিজুর রহমান বিলালের অভিযোগের ভিত্তিতে সালুটিকর ব্রিজসংলগ্ন নদীতে অভিযান চালায় ছাতক নৌপুলিশ। অভিযানে মামুন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা, কথিত ইউনিয়ন ও মার্কম্যান ট্যাক্স আদায়ের দুটি রশিদ বই, নগদ ২ হাজার ২২০ টাকা এবং তিনটি বাঁশের লাঠি জব্দ করা হয়।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করা হয় (মামলা নং-২১, তারিখ: ১৯ জুন ২০২৬)। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক মামুন মিয়া অভিযোগে উল্লিখিত কবির আহমদের ভাই। মামলায় কবির, মামুন ও তাদের আরেক ভাই রুবেলকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তারা পরস্পরের যোগসাজশে নৌযান থেকে ইউনিয়ন পরিষদ ও মার্কম্যানের নামে অর্থ আদায় করতেন।
তবে অভিযোগ রয়েছে, মামলার পর কয়েকদিন চাঁদা আদায় বন্ধ থাকলেও পরে তা আবার শুরু হয়। এতে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন মামলা হওয়ার পরও যদি অবৈধ অর্থ আদায় বন্ধ না হয়, তবে আইনের প্রয়োগ কোথায়?
অভিযোগের বিষয়ে জানতে কবির আহমদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এদিকে ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের নামে নদীপথে ট্যাক্স আদায়ের জন্য কাউকে কোনো অনুমতি বা ইজারা দেওয়া হয়নি। ভুয়া রশিদ ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে তিনি অবগত রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক নৌপুলিশের এসআই (নিঃ) জয়ন্ত চন্দ্র দে বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তার এবং নৌপথে চাঁদাবাজি বন্ধে অভিযান অব্যাহত আছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, মামলার তদন্ত নৌপুলিশ করছে। বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ইউনিয়ন ট্যাক্সের নামে অর্থ আদায়ের অভিযোগটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ বলেন, চেঙ্গেরখালে চাঁদাবাজির ঘটনায় যেহেতু মামলা হয়েছে, তাই তদন্ত কার্যক্রম প্রশাসনের নজরদারিতে থাকবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগ এবং বিষয়টি বর্তমানে মামলার তদন্তাধীন। অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে গণ্য করা আইনগতভাবে সমীচীন নয়।
