সিলেট প্রতিনিধিঃ সিলেট বিভাগে নারী সাংবাদিকদের একমাত্র সংগঠন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, আলোচনা সভা ও ‘সিউজা প্রেরণা সম্মাননা’ প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাতে নগরীর জিন্দাবাজারস্থ ইমজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “সাংবাদিকতা এমনিতেই একটি চ্যালেঞ্জিং পেশা। এর মধ্যে নারীদের জন্য চ্যালেঞ্জ আরও বেশি। কিন্তু সিলেটের নারীরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছেন। সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব সেই সফলতারই উজ্জ্বল উদাহরণ।
তিনি আরও বলেন, আমার জানা মতে, ঢাকার বাইরে বাংলাদেশের অন্য কোনো জেলায় নারী সাংবাদিকদের স্বতন্ত্র সংগঠন নেই। সিলেটের নারী সাংবাদিকরা এ সংগঠন গড়ে তুলে সফলভাবে পরিচালনার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন এবং সিলেটের সাংবাদিকতার গৌরবময় ইতিহাসে নিজেদের নাম যুক্ত করেছেন।
সিউজার সভাপতি সুবর্ণা হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাকিলা ববির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিউজার উপদেষ্টা হাসিনা বেগম চৌধুরী ও সেলীনা চৌধুরী।
অনুষ্ঠানে পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিমের পরিবারকে ‘সিউজা প্রেরণা সম্মাননা’ প্রদান করা হয়। এছাড়া বিশিষ্ট সমাজকর্মী জান্নাতুল ফেরদৌস রাখি ও নারী উদ্যোক্তা ইমরানা বেগম পিংকিকে আজীবন সদস্য হিসেবে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সিউজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
