মোহাম্মদ খোরশেদ হেলালি কক্সবাজার প্রতিনিধিঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার সদর উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শুরু থেকেই বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এর আগে প্রতিমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পিএমখালী চান্দেরপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
