গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বঙ্গবীর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে জিরার বস্তাসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক জাকারিয়া হোসেন (৩৪)কে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত জিরার মোট পরিমাণ ৭৬ বস্তা (ব্র্যান্ড: কেএস গোল্ড), যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।
অভিযান সূত্রে আরও জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১নং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর চেকপোস্ট সড়কে একটি বালুভর্তি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-১৪৯২) থামানো হয়।
প্রাথমিকভাবে ট্রাকটি বালুভর্তি মনে হলেও তল্লাশির একপর্যায়ে বালুর স্তরের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা জিরার বস্তাগুলো উদ্ধার করা হয়।
আটক জাকারিয়া হোসেন গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের বাসিন্দা এবং চমক আলীর ছেলে। অভিযানে এএসআই আলী আহম্মদ, এএসআই মনির হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
অভিযানের নেতৃত্বদানকারী এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবীর এলাকায় অবস্থান নেওয়া হয়। সন্দেহজনক গতিবিধির কারণে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা সম্ভব হয়।
গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামান বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করলেও পুলিশ সতর্ক রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
উদ্ধারকৃত মালামাল ও ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।
