বিশেষ প্রতিনিধি | মোঃ জামাল উদ্দিন সিলেটঃ
সিলেট নগরের ৩৭নং ওয়ার্ডের আখালিয়ায় প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে টিলা কেটে ঘর-বাড়ি নির্মাণ। নগরের জালালাবাদ থানা ও আখালিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কোমারগাঁও মৌজার নতুন বাজার সংল্গন বড়বাড়ির টিলায় প্রকাশ্যে এই তান্ডব চলছে।
রবিবার (০১ মার্চ) বিকালে সরেজমিন খোঁজ নিয়ে টিলায় গিয়ে দেখা গেছে, অবৈধভাবে টিলা কেটে পাশাপাশি দুটি প্লট তৈরি করা হয়েছে। এবং সেই প্লট দুটিতে পাকা ঘর নির্মাণ কাজ করছে বেশ কিছু শ্রমিক। ইতিমধ্য একটিতে গভীর নলকুপ বসানোর কাজের পাশাপাশি পাকা দালানঘর উঠানোর কাজ চলমান রয়েছে। অন্যটিতেও টিলা কেটে পাকা ঘর নির্মাণ কাজ চলছে।
শ্রমিকদের দেয়া তথ্যমতে, শ্রীদাম পাল এবং সিএনজি চালক আব্দুল করিম নামের দুই ব্যক্তি এখানে টিলা কেটে ঘর-বাড়ি নির্মাণ করছেন। এসময় শ্রীদাম পালকে সরেজমিন পাওয়া গেলেও সিএনজি চালক আব্দুল করিম কে পাওয়া যায়নি। শ্রীদাম পালের কাছে টিলা কেটে ঘর-বাড়ি নির্মাণ করার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। একপর্যায়ে সন্ধ্যা পর প্রতিবেদকের সাথে দেখা করবেন বলে সটকে পড়েন।
এছাড়াও ওয়ার্ডের বড়গুল, ডলিয়া, টিলারগাঁও ও মোহাম্মদি এলাকায় অবৈধভাবে টিলা কেটে প্লট ভরাট করা সহ ঘর-বাড়ি নির্মাণ কাজ করতে দেখা গেছে।
পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির বলেন, এই ওয়ার্ডে অবৈধভাবে টিলা কাটার দায়ে পরিবেশ অধিদপ্তর ইতিমধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে। এনফোর্সমেন্টেও জরিমানা করা হয়েছে। সম্প্রতি যে স্থানগুলোতে আবার অবৈধভাবে টিলা কাটা শুরু হয়েছে সেগুলো সরেজমিন পরিদর্শন শেষে পরিবেশ আইন অনুযায়ী জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
উল্লেখ্য পরিবেশ রক্ষায় সিলেটের পাহাড় ও টিলা কাটার উপর গেল বছরের ৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম নিষেধাজ্ঞা আরোপ করেন।
