মোটরসাইকেল তল্লাশিকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, বাবা-ছেলে গ্রেপ্তার

by The Justice Bangla

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাতের তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট পৌরসভার পাগলপাড়া এলাকায়। আহত পুলিশ সদস্য ইজাউল হক ভূঁইয়া (৪৩) হালুয়াঘাট থানায় কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাগলপাড়া এলাকায় একটি তল্লাশিচৌকি বসানো হয়। এক সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ তিন সদস্যের একটি দল তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। রাত সাড়ে ৩টার দিকে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করলে মোটরসাইকেল আরোহী মো. লিয়ন (২৮) পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ সদস্যরা লিয়নের বাড়িতে গিয়ে তার বাবা রুহুল আমিনকে বিষয়টি জানান। পরে সেখান থেকে ফেরার পথে লিয়ন ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য ইজাউল হক ভূঁইয়ার পিঠে কোপ দেন।

গুরুতর আহত অবস্থায় ইজাউল হককে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

ঘটনার পর লিয়ন পালিয়ে গেলেও পুলিশ অভিযান চালিয়ে তার মোটরসাইকেল জব্দ করে এবং তার বাবা রুহুল আমিনকে আটক করে। পরে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে হালুয়াঘাট মধ্যবাজার এলাকা থেকে অভিযুক্ত লিয়নকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

You may also like

Leave a Comment