ফতুল্লায় আধিপত্য বিরোধে ছাত্রদল–যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ; আহত ৫, আটক ৫

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ঝুট সেক্টরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার বিকেলে সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল গ্রুপ এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে তক্কার মাঠ এলাকায় উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ পাঁচজনকে আটক করা হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

You may also like

Leave a Comment