বাবা–মায়ের গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমির খসরু

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ বাবা–মায়ের রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সুশৃঙ্খল হতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীন নেতৃত্বের কারণেই দেশের মানুষ একসময় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছিল। আজ যারা বিএনপির বিরুদ্ধে রাজনীতি করছে, অতীতে তারাই স্বৈরাচারদের সঙ্গে আপস করেছিল।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, দেশের প্রত্যেকটি মানুষের জন্য অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নিরলসভাবে কাজ করছে।
এ সময় তিনি তারেক রহমান ঘোষিত রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রণয়ন করা হবে।

সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment