নিজস্ব প্রতিবেদকঃ খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসনের পদ শূন্য হয়ে গেছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে দলের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে এখনো দলীয়ভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এবং চলমান কার্যক্রমেও ‘চেয়ারম্যান’ পদবি ব্যবহার করা হচ্ছে না।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, গঠনতন্ত্র অনুসারেই তারেক রহমান বর্তমানে দলের চেয়ারম্যান। তবে কৌশলগত ও শোকাবহ পরিস্থিতির কারণে বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ শোকাচ্ছন্ন। তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শেষ হলেও বিএনপি দলীয়ভাবে সাত দিনের শোক পালন করছে। এমন প্রেক্ষাপটে দলের স্থায়ী কমিটির আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলটির নেতৃত্বের দায়িত্ব নেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যেই তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। টানা চার দশকেরও বেশি সময় ৪১ বছর তিনি এ দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই বিএনপি তিনবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গঠনতন্ত্রের ৭ (গ) ধারার উপধারা ২ অনুযায়ী, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের সব দায়িত্ব পালন করবেন এই বিধানেই তিনি তখন দায়িত্ব পান এবং দীর্ঘ সময় ধরে তা পালন করে আসছেন।
খালেদা জিয়ার মৃত্যুর পর গঠনতন্ত্রের একই ধারার উপধারা ৩ কার্যকর হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন। এই বিধান অনুযায়ী তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে আলাদা কোনো ঘোষণার প্রয়োজন নেই বলে দলীয় নেতারা মনে করছেন।
তবে বাস্তবে দলের বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তি ও কর্মসূচিতে এখনো তারেক রহমানকে ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হিসেবেই উল্লেখ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন, “খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মী নয়, পুরো দেশই এক ধরনের অভিভাবকহীনতায় পড়েছে। তাঁর ছেলে তারেক রহমানও গভীর শোকে মুহ্যমান। এই পরিস্থিতিতে দলীয় পদ-পদবি নিয়ে কারও কোনো আগ্রহ নেই। তবে গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান।
