হাদির মৃত্যু ঘিরে পরিকল্পিত নৈরাজ্যের ষড়যন্ত্র চলছে নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সভা অনুষ্ঠিত

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগর বিএনপির এক সভা শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

সভায় সভাপতির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে যে সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে, তা গভীরভাবে উদ্বেগজনক। বিশেষ করে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় কর্মরত সাংবাদিকদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা রাখা বিশিষ্ট সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলা প্রমাণ করে একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। হাদির মৃত্যু পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, এই ঘৃণিত গোষ্ঠী যেন হাদির মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল।

নাজিমুর রহমান অভিযোগ করে বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই অগ্নিসংযোগ ও হামলার ঘটনাগুলো আসন্ন জাতীয় নির্বাচন এবং কাঙ্ক্ষিত গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, ঐক্যের মাধ্যমেই আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি। সেই ধারাবাহিকতায় আজ আবারও সকল দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

সভায় আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত ঐতিহাসিক সংবর্ধনায় চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহাম্মেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিনসহ মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment