ফেনী প্রতিনিধিঃ ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিভিন্ন ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মেসার্স মায়ের দোয়া ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়।
শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ফেনী সদরের কালীদহ গোবিন্দপুর ও হাজীর বাজার এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
অভিযানে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, কেক তৈরিতে খবরের কাগজ ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া, অনুমোদনহীন রঙের ব্যবহার, উৎপাদিত পণ্যে মেয়াদ না লেখা।
এসব গুরুতর অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,000 টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অপরাধের সঙ্গে সম্পৃক্ত সব পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা এবং জেলা পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।
এছাড়া, স্থানীয় জনসচেতনতা বৃদ্ধি করতে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান চলমান থাকবে।
