নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, অথচ আজ তারাই সবচেয়ে বেশি বঞ্চিত, অবহেলিত ও হয়রানির শিকার।
তিনি বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের হাজার হাজার শ্রমিক প্রতিদিন কঠোর পরিশ্রম করলেও তাদের জন্য নেই নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি নিশ্চয়তা কিংবা কাজের স্থায়িত্ব। পরিবেশের অজুহাতে কোয়ারিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু লুটপাট বন্ধ হয়নি। আমরা চাই শ্রমিকদের সন্তানরা শিক্ষিত হোক, উন্নত জীবনের স্বপ্ন দেখুক — কিন্তু তাদের কাজের ক্ষেত্র বন্ধ করে দেওয়া সমাধান নয়।
শুক্রবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশটি আয়োজন করে জাফলং ইউনিয়ন বিএনপি পরিবার, স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও শ্রমিক সংগঠনসমূহ।
মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের নিশ্চয়তা স্পষ্টভাবে উল্লেখ আছে। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার আইনগতভাবে সুরক্ষিত করা হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, শ্রমিক কল্যাণ বোর্ড, শ্রমিকদের বীমা ও ন্যায্য মজুরি নির্ধারণ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই। বেগম খালেদা জিয়া শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কমিশন কার্যকর করেছিলেন। এখন তারেক রহমান শ্রমিক-কৃষক-জনতার শক্তিকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ শুধু খনিজ সম্পদে নয়, প্রাকৃতিক সৌন্দর্যেও সমৃদ্ধ। এখানে ইকো-ট্যুরিজম, নদী-ঝরনা নির্ভর পর্যটন ও পরিবেশবান্ধব খনিজ ব্যবস্থাপনার মাধ্যমে বৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব। আমরা এমন উন্নয়ন চাই যা প্রকৃতিকে ধ্বংস নয়, সংরক্ষণ করে মানুষের জীবনমান উন্নত করবে।
“শ্রমিকদের অধিকার, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে বলেন মিফতাহ্ সিদ্দিকী।
সমাবেশে সভাপতিত্ব করেন পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—
সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু,
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন,
যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক কামাল হাসান জুয়েল,
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,
গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক,
সাধারণ সম্পাদক মসরিছ আলী,
গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,
এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন, বালু শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, অটোবাইক শ্রমিক ইউনিয়ন, মোটর মেকানিক ইউনিয়ন, জাফলং সীমান্ত ঐক্য পরিষদ, মামারবাজার যুব সমাজসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের হাজারও নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
