ঘুষ-দুর্নীতির অভিযোগে বিতর্কিত পিআইও মো. আলী এবার ওসমানীনগরে

by The Justice Bangla

মোঃ এমদাদ হোসেন ভুঁইয়া, সিলেটঃ চাকরিজীবনের শুরু থেকেই ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঘেরা সরকারি কর্মকর্তা মোহাম্মদ আলী। একের পর এক অভিযোগ প্রমাণিত হলেও তাকে দায়িত্ব থেকে অব্যাহতি না দিয়ে কেবল বদলি করা হয়েছে ভিন্ন ভিন্ন উপজেলায়। সর্বশেষ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২৮ আগস্টের অফিস আদেশে তাকে সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় পদায়ন করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর তিনি সেখানে যোগ দেবেন।

দীর্ঘ অনিয়মের ইতিহাস
জানা গেছে, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় দায়িত্ব পালনকালেই তার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ ওঠে। ৯টি সেতুর মধ্যে ৫টির বিল প্রদানের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালসহ অর্থ আত্মসাত প্রমাণিত হয়। এ ঘটনায় বিভাগীয় মামলায় তার পদোন্নতিযোগ্য তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বদলি হয়ে তিনি প্রায় আট বছর দায়িত্বে থাকেন। সেখানে আশ্রয়ণ প্রকল্প ও টিআর-কাবিখার অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মে যুক্ত থাকার অভিযোগ ওঠে। মৌলভীবাজারের রাজনগরে দায়িত্ব পালনকালে ঘুষ, কমিশন গ্রহণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আরেকটি বিভাগীয় মামলা দায়ের হয়।

এরপর পটুয়াখালীর দুমকি উপজেলায় বদলি হলে স্থানীয় এক ইউপি সদস্যের স্বামীর কাছে প্রকল্পের বিল ছাড় করতে ৪৫ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে। সেই অডিও ফাঁস হয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

নতুন কর্মস্থলেও শঙ্কা
অভিযোগের পাহাড় সত্ত্বেও মোহাম্মদ আলীকে চাকরি থেকে সরানো হয়নি। বরং একের পর এক উপজেলায় বদলি হয়ে তিনি দায়িত্ব পালন করে আসছেন। এবার তার নতুন কর্মস্থল ওসমানীনগরে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতা জানান, এ ধরনের দুর্নীতিবাজ পিআইও পদায়ন হলে উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। প্রয়োজনে তারা মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব ও প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি তুলে ধরবেন।

You may also like

Leave a Comment