নিজেস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-এর কোতোয়ালী থানা পুলিশের একটি সফল অভিযানে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

গত ১৬ জুন ২০২৫ ইং তারিখ, কোতোয়ালী থানার এসআই (নিঃ) ইমাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নিয়মিত অস্ত্র ও মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে স্টেশন রোড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনি গোপন সূত্রে জানতে পারেন, একজন দুস্কৃতিকারীর হেফাজতে কোতোয়ালী থানা থেকে লুণ্ঠিত একটি সরকারি আগ্নেয়াস্ত্র রয়েছে।
সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে, অদ্য ১৭ জুন ২০২৫ খ্রিঃ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন আকমল আলী বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আসামি ১। মোঃ রুবেল প্রকাশ রনি (২৭), পিতা-মোঃ নুরু উদ্দিন, সাং-মিঠাচর, মীরসরাই, চট্টগ্রাম; বর্তমান ঠিকানা আকমল আলী পকেট গেইট, বালুরমাঠ, পতেঙ্গা, চট্টগ্রাম—কে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন যে, তার হেফাজতে কোতোয়ালী থানা থেকে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল রয়েছে এবং সেটি তিনি কোতোয়ালী থানাধীন এয়াকুবনগর লইট্ট্যা ঘাট এলাকায় লুকিয়ে রেখেছেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী, একই তারিখ রাত ২টা ৪৫ মিনিটে উক্ত স্থানে অভিযান চালিয়ে কড়ই গাছের পাশে ময়লার স্তূপের নিচ থেকে একটি হালকা সবুজ রঙের শপিং ব্যাগ ও একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নিচের সামগ্রীগুলো উদ্ধার করা হয়:
- ০১ (এক) টি বিদেশি TAURUS পিস্তল, যার গায়ে “TAURUS S.A. MADE IN BRAZIL” খোদাই করা এবং যার নাম্বার TKU41433 ও BP2017 MTC;
- ০২ (দুই) রাউন্ড গুলি
- ০২ (দুই) টি ম্যাগাজিন।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত রুবেল গত ৫ আগস্ট ২০২৪ তারিখে কোতোয়ালী থানা ভাংচুর এবং থানায় রক্ষিত অস্ত্রাগার থেকে আগ্নেয়াস্ত্র লুণ্ঠনের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলেন। তিনি পরে ওই অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে কৌশলে ঘটনাস্থলে লুকিয়ে রাখেন বলে স্বীকার করেন।
এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নম্বর-১৭, তারিখ-১৭/০৬/২০২৫, ধারা: The Arms Act 1878, Section 19A অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই কার্যক্রম চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে বিবেচিত হচ্ছে।
