নিজস্ব প্রতিবেদনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিন অঙ্গসংগঠনের উদ্যোগে শুরু হয়েছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণ অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আজ সকাল থেকেই নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ডে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দুপুর গড়াতেই পার্শ্ববর্তী এলাকা গুলো থেকেও খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
বিএনপি নেতাকর্মীদের পদচারণায় রাজধানীর মৌচাক থেকে শান্তিনগর, কাকরাইল থেকে নয়াপল্টন, মৎস ভবন থেকে কাকরাইল মসজিদের সামনে হয়ে নয়াপল্টন, শাহজাহানপুর বাসস্ট্যান্ড থেকে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন পর্যন্ত সড়ক জনসমুদ্রে পরিণত হয়েছে।
আজ বুধবার বিকেল ৩টা ৩৭ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা শুরু হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, চারটি বিভাগীয় শহর ও রাজধানীসহ মোট আটটি স্থানে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত তরুণদের সাথে সরাসরি সংযোগ স্থাপন ও তাদের রাজনীতিতে সম্পৃক্ত করতে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো পুরো মাসজুড়ে এই ধরণের একাধিক কর্মসূচি পালনের উদ্যোগ নেয়।
যার ধারাবাহিকতায় পল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ।
