মোঃ ইফতেখার উদ্দিন সাকিবঃ ময়মনসিংহের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে নারী অনূর্ধ্ব-১৮ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে চট্টগ্রাম বিভাগ। শুক্রবার (২৩ মে) সকালে অনুষ্ঠিত ম্যাচে মেহেরুন্নেসা জয়ার নেতৃত্বাধীন দলটি ৫২ রানের বড় ব্যবধানে জয় পায়।
প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম দল নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৫১ রান। দুই ওপেনার নুসরাত তন্নী ও ইশা রহমান দারুণ সূচনা এনে দেন। লেকি চাকমার ২৬ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস দলকে দেয় কাঙ্ক্ষিত গতি। শেষ দিকে শারমিনের ২৭ রানের ইনিংস চট্টগ্রামের স্কোরকে চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে যায়।
জবাবে ব্যাট করতে নেমে ময়মনসিংহ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান সংগ্রহ করে। চট্টগ্রামের অধিনায়ক জয়া দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ১১ রান দিয়ে ২টি উইকেট নেন। ইশা রহমান ব্যাট হাতে ৩৭ রানের পাশাপাশি ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা তাকে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয়।
এই জয়ে গ্রুপপর্বে দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে উঠে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম। রবিবার (২৫ মে) তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা বিভাগের।
