ফ্রান্সের কোচ জিনেদিন জিদান, ২০৩০ পর্যন্ত চুক্তি

দেশমের বিদায়ের পর আনুষ্ঠানিক ঘোষণা পাঁচ বছর পর কোচিংয়ে ফিরলেন ফরাসি কিংবদন্তি

by The Justice Bangla

মোহাম্মদ সাগরঃ ফরাসি ফুটবলে শুরু হলো নতুন এক যুগ। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) মঙ্গলবার এ নিয়োগের ঘোষণা দেয়। ৫৪ বছর বয়সী এই কোচের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চার বছরের চুক্তি করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর দীর্ঘ ১৪ বছরের অধ্যায়ের ইতি টেনে দায়িত্ব ছাড়েন সাবেক কোচ দিদিয়ে দেশম। তার বিদায়ের পর থেকেই জিদানকে নতুন কোচ হিসেবে নিয়োগের জোর আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হলো ফরাসি ফুটবলের অন্যতম সেরা এই কিংবদন্তির হাতে।

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান কোচ হিসেবেও সমান সফল। রিয়াল মাদ্রিদ এর দায়িত্বে থেকে তিনি টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের বিরল কীর্তি গড়েন। ২০২১ সালে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর প্রায় পাঁচ বছর কোচিংয়ের বাইরে ছিলেন তিনি।

দীর্ঘ বিরতির পর নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব নিয়ে নতুন অধ্যায় শুরু করছেন জিদান। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠন, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে শক্তিশালী স্কোয়াড গঠন এবং নতুন শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই তার যাত্রা শুরু হচ্ছে।

You may also like

Leave a Comment

;