হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই

কোরবানির ঈদকে সামনে রেখে গরু ব্যবসায়ীদের টার্গেট বেপরোয়া সন্ত্রাসে আতঙ্কিত জনজীবন

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে সংঘবদ্ধ অপরাধচক্র সক্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক এক নৃশংস ঘটনায় দেড় লাখ টাকা ছিনতাই করতে গিয়ে এক ব্যবসায়ীর হাতের বৃদ্ধাঙ্গুল রামদার কোপে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী মোঃ বেলাল (৩৫), পিতা মৃত এনু মিয়া, হাটহাজারীর ১২নং চিকনদন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খন্দকিয়া এলাকার বাসিন্দা। তার স্ত্রী খুরশিদা আক্তার থানায় দায়ের করা অভিযোগে জানান, প্রতি বছরের মতো এবছরও কোরবানির ঈদ উপলক্ষে গরু ক্রয় করে তাজাকরণ শেষে বিক্রির উদ্দেশ্যে ব্যবসা পরিচালনার জন্য তিনি তার স্বামীকে ১ লাখ ৫০ হাজার টাকা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে বেলাল ওই টাকা নিয়ে হাটহাজারী বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে বালুচড়া তুফানী রোডের আগুন ফকিরের মাজার এলাকায় ব্যাটারিচালিত রিকশায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে অনুসরণ করতে থাকে।

পরে দুর্বৃত্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বুলিয়া পাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে প্রকাশ্য রাস্তায় তার ওপর নির্মম হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, দ্বিতীয় আসামি রামদা দিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে কোপ দিলে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে বেলালের বাম হাতের বৃদ্ধাঙ্গুল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর প্রথম আসামি তার মুখে স্প্রে ছিটিয়ে অচেতন করে ফেলে এবং অন্যান্যরা তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার প্যান্টের পকেটে থাকা গরু কেনার জন্য রাখা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তৃতীয় আসামি তার ব্যবহৃত আনুমানিক ১৬ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

একপর্যায়ে বেলাল অজ্ঞান হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে রাস্তার পাশে একটি বিলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ হুমায়ুন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে।

ঘটনার পর বেলালের স্ত্রী খুরশিদা আক্তার হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার, ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন মোঃ কফিল উদ্দিন (৪০), মোঃ জাহেদ (৩৬), ল্যাংড়া মোরশেদ (৩৭), মোঃ নূর উদ্দিনসহ আরও অজ্ঞাতনামা কয়েকজন। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও রহস্যজনক কারণে তারা আইনের আওতার বাইরে রয়ে যাচ্ছে।

এলাকাবাসী জানান, হাটহাজারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। প্রকাশ্যে ছিনতাই, রাহাজানি, মাদক ও চাঁদাবাজির ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সচেতন মহলের মতে, দ্রুত সময়ের মধ্যে এসব সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment

;