নিজস্ব প্রতিবেদকঃ মোহাম্মদ জহিরুল হক বলেছেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশু-কিশোরদের কণ্ঠ গুরুত্বপূর্ণ। শিশু-কিশোররা সত্য, সুন্দর ও মানবিকতার পক্ষে দাঁড়ায়। শিশু-কিশোরদের সমস্যা ও সম্ভাবনা তাদের নিজস্ব কলম থেকে উঠে এলে এর প্রভাব হবে সুদূরপ্রসারী।
শুক্রবার (১৫ মে) বিকেলে হবিগঞ্জের একটি অভিজাত রেস্তোরাঁর কনফারেন্স হলে ইউনিসেফের সহায়তায় bdnews24.com আয়োজিত শিশু সাংবাদিকতা বিষয়ক ‘শিশুর চোখে শিশুর গল্প’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একজন সাংবাদিককে সমাজের চোখ, কান ও বিবেক হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে যুক্তিবোধ, দায়িত্বশীলতা, মানবিকতা ও নৈতিকতা জাগ্রত হবে। কেউ সাংবাদিকতাকে পেশা হিসেবে না নিলেও এ ধরনের প্রশিক্ষণ তাদের সফল ক্যারিয়ার গঠনে সহায়তা করবে এবং সৃজনশীল ও আত্মবিশ্বাসী করে তুলবে।
রাসেল চৌধুরী-এর সভাপতিত্বে এবং শাহ ফখরুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজ্জল সোহেল এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পার্সন আহসান বিপুল। এছাড়া বক্তব্য দেন মৌসুমী ভদ্র, হাফসা খাতুন এবং সৌরভ গোপ।
