মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩৪) নামে পুলিশের এক এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। একই কক্ষে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী তাহমিনা আক্তার পপি (২৩) ও ১০ মাস বয়সী শিশু সন্তান ফাতিহাকে পড়ে থাকতে দেখা যায়।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের ‘রিলাক্স জোন’ আবাসিক হোটেলের ১০৪ নম্বর কক্ষ থেকে পুলিশ আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে। আহত স্ত্রী তাহমিনাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আমিনুল ইসলাম রাঙ্গামাটি পুলিশ লাইনে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাগলখাইয়া গ্রামের আবদুল হক মাস্টার বাড়ির আবুল বশরের ছেলে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে ব্যবসায়ী পরিচয়ে স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে এক দিনের জন্য হোটেলের ১০৪ নম্বর কক্ষে ওঠেন আমিনুল। রাত ১০টার দিকে তিনি হোটেল থেকে বের হয়ে বাইরে থেকে রাতের খাবার নিয়ে ফেরেন। সে সময় তাকে স্বাভাবিকই মনে হয়েছিল বলে জানান হোটেল কর্তৃপক্ষ।
সোমবার সকাল ১১টার দিকে হোটেল ম্যানেজার সোহান আহমেদ কক্ষটির দরজায় গিয়ে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় পর ভেতর থেকে তাহমিনা দরজা খুলে দেন। দরজা খুলে ম্যানেজার দেখতে পান, আমিনুল ইসলাম কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। অন্যদিকে খাটের নিচে আহত অবস্থায় পড়ে ছিলেন তাহমিনা ও তার শিশু সন্তান ফাতিহা।
পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলের লাশ উদ্ধার করে এবং আহত তাহমিনাকে হাসপাতালে পাঠায়।
নিহতের শ্যালক শাহরিয়ার ইফাস জানান, ২০২৫ সালের জানুয়ারি মাসে সামাজিকভাবে তাহমিনার সঙ্গে আমিনুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন শ্বশুরবাড়িতে থাকলেও পারিবারিক কলহের কারণে প্রায় এক বছর ধরে শিশু সন্তানকে নিয়ে তাহমিনা বাবার বাড়িতে থাকতেন। মাঝেমধ্যে আমিনুল তাদের বাড়িতে যেতেন।
তিনি জানান, রোববার সকালে তাহমিনার মা আমেনা বেগম মেয়েকে ও নাতনীকে নিয়ে খৈয়াছড়া ইউনিয়ন পরিষদে ফাতিহার জন্মনিবন্ধন তৈরির কাজে আসেন। এ সময় আমিনুলও সেখানে উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের কাজ শেষে তাহমিনাকে তার মা বাবার বাড়িতে নিয়ে যেতে চাইলে আমিনুল তাকে রেখে দেন এবং তারা আলাদা বাসা ভাড়া করে থাকবেন বলে জানান। এর পরদিনই বড়তাকিয়া বাজারের আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই মো. হাসান বলেন, আমিনুল রাঙ্গামাটিতে পুলিশের এএসআই পদে কর্মরত ছিলেন। পারিবারিক ছোটখাটো বিরোধের কারণে তার স্ত্রী বাবার বাড়িতে থাকতেন। রোববার ছুটি নিয়ে আমিনুল বাড়িতে এসেছেন এ বিষয়টি তারা জানতেন না। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে তারা হোটেলে গিয়ে আমিনুলের মরদেহ দেখতে পান।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহের নিগার জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তাহমিনা আক্তারকে হাসপাতালে আনা হয়। তার মুখ ফুলে ছিল, নাক দিয়ে রক্ত পড়ার লক্ষণ ছিল এবং গলায় প্যাঁচানো দাগ দেখা যায়। মুখও বাঁকা ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদের সূত্র ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
