বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভা

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি সফল, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সভায় জানানো হয়, আগামী ৩১ আগস্ট সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া কর্মসূচিতে অংশ নেবেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা।

এছাড়া ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় পুরাতন রেলস্টেশন থেকে র‍্যালি বের করা হবে। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হবে। একই দিনে দলীয় কার্যালয় নসিমন ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্মারক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই দল এগিয়ে যাচ্ছে।

এরশাদ উল্লাহ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা নয়; বরং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। তিনি মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, ৪৮ বছরের পথচলায় বিএনপি নানা রাজনৈতিক সংকট ও প্রতিকূলতা মোকাবিলা করে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে ব্যাপক জনসম্পৃক্ততা তৈরির পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নাজিমুর রহমান আরও বলেন, বিএনপি সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথেই দল এগিয়ে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সময়মতো উপস্থিত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও শিহাব উদ্দিন মুবিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এম এ হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, খোরশেদ আলম, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন, আনোয়ার হোসেন লিপু, মোশারফ হোসেন ডিপটি, গাজী আইয়ুব, জাফর আহমেদ, মাহাবুব রানা, এম এ সবুর, আবু মুসা ও মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

;