ইয়াবা মামলায় ওয়ারেন্টভুক্ত যুবলীগ কর্মী সালাউদ্দিন গ্রেপ্তার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রামের খুলশী থানায় ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি ও আওয়ামী যুবলীগের কর্মী মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে খুলশি থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সালাউদ্দিন (৪০) ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। ২০২৫ সালের ৬ আগস্ট খুলশী থানাধীন জালালাবাদ বড়ইবাগান এলাকার মাদানীনগর মদিনাতুল মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মো. দিদার হোসেন প্রকাশ মানিক নামে একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবাগুলোর মোট ওজন ছিল ১ কেজি ৭০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ টাকা।

ওই ঘটনায় দিদার হোসেনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে ২০২৫ সালের ৭ আগস্ট খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। মামলার এজাহারে পলাতক আসামিদের মধ্যে মো. সালাউদ্দিনের নামও রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এর আগে অভিযানকালে কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে দিদার হোসেনকে আটক করা সম্ভব হলেও সালাউদ্দিনসহ অন্যরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

খুলশি থানার ওসি তদন্ত জানান, মাদক মামলার ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

You may also like

Leave a Comment

;