এম জাবেদ হোসাইন , মীরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দিয়েছে উপজেলা কৃষকদল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তার সম্মানে এ আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে মীরসরাই পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এমপি নুরুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, গাজী নিজাম উদ্দিন, মো. আলমগীর, জাহেদুল আবছার জুয়েল, মিনহাজ উদ্দিন টিটুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের কৃষকরা নানা সংকটে জর্জরিত। কৃষকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে নবনির্বাচিত এমপির কাছে কৃষিখাতের উন্নয়নে সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে তিনি অতীতেও কাজ করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবেন। মীরসরাইয়ের উন্নয়ন ও কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও জানান।
সংবর্ধনা শেষে এমপি নুরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।
