তথ্যপ্রযুক্তির যুগে গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি: উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক

by The Justice Bangla

সিলেট প্রতিনিধিঃ তথ্যপ্রযুক্তির এই যুগে গণতন্ত্রকে সুসংহত করতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

তিনি বলেন, অনলাইন মাধ্যমের বদৌলতে মুহূর্তের মধ্যেই সংবাদ পাঠকের কাছে পৌঁছে যায়। তাই অনলাইন সাংবাদিকতায় সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা, নির্ভুলতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘অনলাইন সিলেট’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (৩ আগস্ট) নগরীর অভ্র প্রকাশনীর ‘অভ্র সেন্টারে’ কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, অনলাইন সংবাদমাধ্যমের সংবাদকর্মী ও সম্পাদনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ বর্তমানে ভুয়া ফটোকার্ড তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। একই সঙ্গে অনেকের চরিত্রহননের ঘটনাও ঘটছে।

তিনি বলেন, “এ ধরনের বিভ্রান্তির ভিড়ে ‘অনলাইন সিলেট’ দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, সিলেটে প্রায় শতাধিক নিউজ পোর্টাল থাকলেও অনেকেই দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করছে না। একটি মোবাইল হাতে পেলেই অনেক ক্ষেত্রে পোর্টাল পরিচালনা শুরু হয়ে যাচ্ছে। বিষয়টি সরকারের পক্ষ থেকে আইনি কাঠামোর আওতায় আনা প্রয়োজন।

‘অনলাইন সিলেট’ সরকারি আইন মেনে নিবন্ধনের কার্যক্রম এগিয়ে নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যতটুকু তিনি জানেন, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিবেদন ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয়ে জমা হয়েছে। দ্রুতই পোর্টালটি সরকারি নিবন্ধন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে আইন মেনে ‘অনলাইন সিলেট’-এর নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের গবেষক, লেখক, সাংবাদিক ও দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা।

তিনি বলেন, সীমিত পরিসরে আয়োজন করা হলেও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ ধরনের অনুষ্ঠান ও আলোচনা মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। সত্যের পথে সাংবাদিকতা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। ‘অনলাইন সিলেট’ সবসময় সত্যের পক্ষে থাকবে এবং নিপীড়িত ও গ্রামের প্রান্তিক মানুষের কথা তুলে ধরবে—এটাই প্রত্যাশা।

বিশেষ অতিথির বক্তব্যে মদন মোহন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি সিলেট বিভাগের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে ‘অনলাইন সিলেট’-কে আরও বেশি কাজ করতে হবে। বিশেষ করে বানিয়াচংয়ের ঐতিহাসিক সাগরদিঘিসহ সিলেটের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য ও শুভেচ্ছা জানান রবীন্দ্র গবেষক, লেখক ও সাহিত্যিক মিহির কান্তি চৌধুরী, ফোকলোর গবেষক আবু সালেহ আহমদ এবং সময় পাঠ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মনির হেলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘অনলাইন সিলেট’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট মোস্তাকিম আহম্মদ কাওছার। পুরো অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন ‘অনলাইন সিলেট’-এর সম্পাদক ও প্রকাশক আব্দুল হক মামুন।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সশরীরে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী-শেখর এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমানসহ নগরীর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ‘অনলাইন সিলেট’-এর উত্তরোত্তর সাফল্য, পাঠকপ্রিয়তা ও দীর্ঘায়ু কামনা করেন অতিথিরা।

You may also like

Leave a Comment

;