জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ আটক ২, চুরি মামলার আসামি গ্রেপ্তার ১

by The Justice Bangla

সাকিব চৌধুরী, চট্টগ্রামঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৫৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক এবং চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তারদের শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে এসআই (নিঃ) মো. ফারুক উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম জামালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বসতঘর থেকে ৫২৫ পিস ইয়াবাসহ মো. আজিজুল ইসলাম তারেক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল মোতালেব ওরফে মতিন ড্রাইভারের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী মুহুরী প্রজেক্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. এমরান (২৪) নামে আরেক যুবককে স্থানীয় জনতার সহায়তায় আটক করেন এসআই (নিঃ) মো. মামুন হাসান। এমরান স্থানীয় আহসানুল হক দিদারের ছেলে।

এদিকে পৃথক আরেক অভিযানে চুরি মামলার আসামি মো. মেহেদী হাসান (২১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ বিশ্বরোড এলাকায় স্থানীয়দের সহায়তায় এসআই (নিঃ) মো. ফারুক উদ্দিন তাকে আটক করেন। মেহেদী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মহেশপুর গ্রামের মৃত মো. ফারুকের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলি এলাকায় বসবাস করছিলেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

;