কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বর্ষীয়ান সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য, বর্ষীয়ান সাংবাদিক আতাহার ইকবাল (৭৪) আর নেই। মঙ্গলবার রাত ১টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি স্ট্রোকজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আসর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, রাজনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা পূর্বে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, বর্তমান সভাপতি মাহবুবুর রহমান এবং তাঁর একমাত্র সন্তান নাফিস আবিদ প্রিয়ম। জানাজায় ইমামতি করেন মাওলানা মোস্তাক আহমদ।

আতাহার ইকবাল ছিলেন একাধারে সাংবাদিক, সংগীতশিল্পী, বেতার উপস্থাপক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ১৯৭২ সালে দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কক্সবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক তরঙ্গ, সাগর বাণী ও দৈনিক বাঁকখালী-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দৈনিক পূর্বকোণ, নয়া বাংলা, জনকণ্ঠ, মানবজমিন ও মাতৃভূমি পত্রিকার জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবেও দীর্ঘদিন কর্মরত ছিলেন।

১৯৭৫ সালে কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্ব, সততা ও পেশাগত নিষ্ঠা কক্সবাজারের সাংবাদিক সমাজে আজও অনুকরণীয় হয়ে রয়েছে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। প্রথমে জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে তিনি কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং জাতীয় যুব সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কক্সবাজার জেলা সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

শোক প্রকাশ

আতাহার ইকবালের মৃত্যুতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী এবং সাধারণ সম্পাদক এস. এম. জাফর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারে সাংবাদিকতা পেশায় আতাহার ইকবালের দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও সাহসী ভূমিকা গণমাধ্যম অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কক্সবাজার একজন অভিজ্ঞ সাংবাদিক, অভিভাবকসুলভ ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলার দরবারে তাঁরা দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারকে এ শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।

You may also like

Leave a Comment

;