স্টাফ রিপোর্টার, সিলেটঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন ঘিরে আলোচনা জোরদার হয়েছে। ক্ষমতাসীন বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন। তবে মাঝখানে সিসিকে প্রশাসক নিয়োগের পর কিছুটা স্থবিরতা দেখা দিলেও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আবারও সক্রিয় হয়ে উঠেছেন মনোনয়নপ্রত্যাশীরা।
নগরজুড়ে এখন দেখা যাচ্ছে বড় বড় বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন। ঈদের শুভেচ্ছার আড়ালে কৌশলে প্রচারণা চালাচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। এতে নগরের সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ প্রেক্ষাপটে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসী ও নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে যেন অপরিকল্পিতভাবে ব্যানার-ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করা হয়। সিটি করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, কবে নাগাদ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনও অনিশ্চিত। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের পরই তফসিল ঘোষণা করা হবে।
তবে অনিশ্চয়তার মধ্যেও বসে নেই সম্ভাব্য প্রার্থীরা। নগর বিএনপির একাধিক শীর্ষ নেতা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন। দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সিসিক নির্বাচনেও জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিএনপি। এজন্য যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সতর্ক অবস্থানে রয়েছে।
