নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে নবনির্মিত পাঞ্জেখানা মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন ২০২৬) সন্ধ্যা ৬টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির উদ্বোধন করেন আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। তিনি বলেন, একটি মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আত্মশুদ্ধির অন্যতম কেন্দ্র। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় অনুশাসন ও নৈতিক চর্চা আরও সুদৃঢ় করতে এ মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সাহাদত হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদের সার্বিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে পুলিশ সদস্য ও সাধারণ মুসল্লিদের জন্য মসজিদটি নিয়মিত ইবাদত-বন্দেগি এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
