সাকিব চৌধুরী, চট্টগ্রামঃ চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবে শান্তিরহাট রাস্তার মাথা থেকে আবুরহাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের ফলক উন্মোচনের মাধ্যমে সংস্কার কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র দিদারুল আলম মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, মিরসরাইয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিটি অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করাই আমাদের মূল লক্ষ্য। অবহেলিত এই সড়কটির সংস্কার কাজ শেষ হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে।
সভাপতির বক্তব্যে দিদারুল আলম মিয়াজী বলেন, এলাকার সার্বিক উন্নয়নে আমরা সবসময় জনগণের পাশে আছি। এই সংস্কার কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও দুর্ভোগের পর সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজটি মানসম্মতভাবে সম্পন্ন হলে শান্তিরহাট থেকে আবুরহাট পর্যন্ত চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি এ সড়ককে ঘিরে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
