মাদকমুক্ত সমাজ গড়তে ছাগলনাইয়া পুলিশ ও জনতার ঐক্যবদ্ধ অঙ্গীকার

দক্ষিণ মন্দিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

by The Justice Bangla

মোহাম্মাদ সাগর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ফেনীর ছাগলনাইয়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়া থানা পুলিশ ও শুভপুর বিট পুলিশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গত ২ অক্টোবর (শুক্রবার) বিকেল ৫টায় শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দক্ষিণ মন্দিয়া ঈদগাহ ময়দানের সামনে থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রায় ২০০ থেকে ৩২০ জন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের। এ সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, “মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পুলিশ ও জনগণকে এক হয়ে কাজ করতে হবে। মাদক কারবারি ও মাদকের আড্ডাস্থলগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, সমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় এলাকার মাদকের স্পটগুলো চিহ্নিত করে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

সভা শেষে উপস্থিত সবাই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে ছাগলনাইয়াকে মাদকমুক্ত করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

;