চায়ের দোকান থেকে ‘দ্রুত বিচার’ দায় কার, শাস্তি কার?

by The Justice Bangla

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামঃ চট্টগ্রামের বাকলিয়া এলাকার একটি ছোট্ট চায়ের দোকান, যেখানে প্রতিদিন শ্রমজীবী মানুষ এক কাপ চায়ে ক্লান্তি ভুলে থাকেন সেই সাধারণ জায়গাটিই এক রাতে পরিণত হয় একটি বিতর্কিত ঘটনার কেন্দ্রে। আর সেই ঘটনার মূল ভুক্তভোগী হিসেবে উঠে আসেন দোকানদার মোঃ রফিকুল ইসলাম, যাকে একটি সিএনজি সংক্রান্ত ঘটনায় প্রধান আসামি করে গ্রেফতার করা হয়। যদিও মামলার অভিযোগে বলা হয়েছে তিনি সংঘবদ্ধভাবে ত্রাস সৃষ্টি ও ছিনতাইয়ে জড়িত ছিলেন, স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে ভিন্ন চিত্র দেখা যায়; সেখানে তাকে হামলার অংশগ্রহণকারী নয়, বরং ঘটনাস্থলে উপস্থিত একজন সাধারণ মানুষ হিসেবেই দেখা যায়।

ঘটনার দিন রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে একটি বন্ধ সিএনজি এনে দোকানের সামনে রাখা হয়। একজন ব্যক্তি মোবাইলে কথা বলছিলেন, পরে আরেকজন এসে তর্কে জড়িয়ে পড়েন। সেই তর্ক দ্রুত হাতাহাতিতে রূপ নেয় এবং একপর্যায়ে তারা দোকানের ভেতরে ঢুকে পড়ে। দোকানে উপস্থিত লোকজন তাদের বাইরে বের করে দিলে একজন দৌড়ে পালিয়ে যায় এবং অপর ব্যক্তি সিএনজি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনাক্রমে দোকানদার রফিকুল ইসলামের কোনো সক্রিয় সম্পৃক্ততার প্রমাণ ফুটেজে স্পষ্ট নয়।

তবে ঘটনার ১০ থেকে ১৫ মিনিট পর পরিস্থিতির মোড় ঘুরে যায়। ঘটনাস্থলে আসেন ট্রাফিক পুলিশের সদস্য, রেকার চালক এবং পূর্বে পালিয়ে যাওয়া ব্যক্তি। অভিযোগ রয়েছে, তারা দোকানদারের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে তাকে দোকানের ভেতরে আটকে রাখেন এবং পরে বাইরে এনে মারধর করেন। এরপর তাকে বাকলিয়া থানার গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরদিন আদালতে প্রধান আসামি হিসেবে হাজির করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি গাড়িটি নিজের হেফাজতে রাখেননি।

এই অভিযোগকে ঘিরেই তৈরি হয়েছে মূল বিতর্ক। একজন চায়ের দোকানদারের দায়িত্ব কি এখন আইনশৃঙ্খলা রক্ষা করা, কিংবা একটি টো-কৃত গাড়ি পাহারা দেওয়া কি তার পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে এমন প্রশ্ন তুলছেন সচেতন মহল। এ বিষয়ে সার্জেন্ট এসএম রিয়াজুর রহমান বলেন, দোকানদারের দোষ তিনি গাড়িটি নিজের হেফাজতে রাখেননি। অন্যদিকে টিআই আঃ সাইদ বাকার মন্তব্য করেন, তিনি চাইলে গাড়িটি আটকাতে পারতেন। তবে সাধারণ মানুষের প্রশ্ন একজন নাগরিক কি আইন প্রয়োগকারী বাহিনীর ভূমিকা নিতে বাধ্য, আর যদি তিনি বাধা দিতে গিয়ে নিজেই ক্ষতির শিকার হতেন, তার দায় কে নিত?

ঘটনার জেরে ১৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন রফিকুল ইসলাম। তার ছোট্ট দোকানই পাঁচ সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস। দুই কন্যা সন্তানের জনক এই দোকানদার এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এদিকে ঘটনাটি নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে তারা কথা বলতে অস্বীকৃতি জানান এবং পরে শর্ত দেন মোবাইল ও ক্যামেরা বাইরে রাখতে হবে। ক্যামেরার সামনে কোনো মন্তব্য না করার এই প্রবণতা ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

পুরো ঘটনাটি ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে ঘটনাস্থলে সক্রিয়ভাবে জড়িত না থেকেও একজনকে দায়ী করা কতটা যুক্তিসঙ্গত, সিসিটিভি ফুটেজ ও মামলার বয়ানের মধ্যে এত পার্থক্য কেন, এবং দ্রুত বিচার আইনের প্রয়োগ আদৌ যথাযথভাবে হচ্ছে কি না। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, একজন দরিদ্র ও প্রভাবহীন মানুষ হওয়ায় রফিকুল ইসলাম কি সহজ টার্গেটে পরিণত হয়েছেন?

একটি সিএনজি হারানোর ঘটনাকে কেন্দ্র করে আজ একটি পরিবারের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। দোকান বন্ধ, কারাভোগ, আর্থিক ক্ষতি ও মানসিক চাপ এই ক্ষতির দায় কে নেবে, তার উত্তর এখনও মেলেনি। বাকলিয়ার সেই চায়ের দোকান আজও খোলা থাকলেও, দোকানদারের চোখে আর আগের সেই স্বাভাবিকতা নেই সেখানে জমে আছে অজানা ভবিষ্যতের শঙ্কা।

You may also like

Leave a Comment

;