নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট সিলেটঃ গোয়াইনঘাট উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দীনের বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়ম, দুর্নীতি ও পেশাগত অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সচেতন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দীন এডহক কমিটিকে বিভ্রান্ত করে অতিরিক্ত দায়িত্বের নামে প্রতি মাসে মূল বেতনের ২০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা গ্রহণ করেছেন। পাশাপাশি, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সময়ের জন্য অতিরিক্ত দায়িত্ব দেখিয়ে এককালীন প্রায় ৮২ হাজার টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে, যা বিধিবহির্ভূত বলে দাবি করা হয়েছে।
এছাড়া, কমিটির মেয়াদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং ইচ্ছাকৃতভাবে সভা বিলম্ব বা এড়িয়ে যাওয়ার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। সভাপতির অনুমোদন ছাড়াই এককভাবে প্রতিষ্ঠান পরিচালনা, বিদ্যালয়ের আয় ব্যাংকে জমা না দিয়ে নিজ নিয়ন্ত্রণে রাখা এবং অনুমতি ছাড়া ব্যয় পরিচালনার ঘটনাও উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শিক্ষকদের বেতন ও ঈদ বোনাস সভাপতির অনুমোদন ছাড়াই বিতরণ, ভাউচার জালিয়াতি ও অসঙ্গতিপূর্ণ বিল তৈরি এবং সরকারি বেতন-বোনাস বিল যথাযথ অনুমোদন ছাড়া জমা দেওয়ার মতো অনিয়ম ঘটেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করে তার সঠিক হিসাব প্রদান না করার অভিযোগও রয়েছে।
এদিকে, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকা, সময়মতো দায়িত্ব পালন না করা এবং দীর্ঘ সময় ধরে ক্লাস রুটিন প্রণয়ন না করার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সহশিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনা না করা, কমিটির সঙ্গে সমন্বয়হীনতা এবং বিধিবহির্ভূতভাবে অর্থ আদায়ের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করা হয়েছে। এমনকি অফিস কক্ষে ধূমপানের মতো শৃঙ্খলাভঙ্গের ঘটনাও সামনে এসেছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
