নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার ইমাম নগরে জমির বাউন্ডারি দেয়াল নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে পুলিশ কনস্টেবল হিসেবে পরিচয় দিয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইমাম নগর এলাকার বাসিন্দা মোঃ মহি উদ্দিন দীর্ঘদিন আগে ক্রয় সূত্রে উক্ত জমির মালিকানা অর্জন করেন। সম্প্রতি তিনি তার জায়গায় বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ শুরু করলে একই এলাকার আওয়ামী লীগ নেতা সাদেকুল ইসলাম সুজনের আত্মীয় মোঃ রাব্বি এতে বাধা দেন।
ভুক্তভোগীর অভিযোগ, মোঃ রাব্বি নিজেকে খাগড়াছড়িতে কর্মরত এক কনস্টেবল হিসেবে পরিচয় দিয়ে পরিবারের নারী সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের চাপ প্রয়োগের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
মোঃ মহি উদ্দিন বলেন, আমি বৈধভাবে জায়গা ক্রয় করেছি এবং সব কাগজপত্র আমার কাছে রয়েছে। হঠাৎ করে এসে তারা আমার কাজ বন্ধ করে দেয় এটা সম্পূর্ণ অন্যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে অভিযুক্ত রাব্বির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রতিবেদকের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
আকবর শাহ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
