মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের রামুতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম হাসান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিম হাসান রত্নাপালং এলাকার বাসিন্দা নাজমুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মির্জা আলীর দোকান স্টেশনসংলগ্ন মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি এসি বাসের সঙ্গে নাদিমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শুক্রবার বিকেলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া।
তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। বাসটি শনাক্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
