বিএনপির অনুষ্ঠানের মঞ্চে আওয়ামী লীগ নেতা, হাটহাজারীতে তৃণমূলের ক্ষোভ

৭ নভেম্বরের সমাবেশে আবদুল মাবুদ তালুকদারের উপস্থিতি ঘিরে বিতর্ক, অনুপ্রবেশের অভিযোগে তদন্তের দাবি

by The Justice Bangla

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির অনুষ্ঠানের মঞ্চে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত আবদুল মাবুদ তালুকদারের উপস্থিতি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাটহাজারী উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তাকে মঞ্চে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মাবুদ তালুকদার ২০২১ সালে হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সে সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে তার একাধিক ছবি, পোস্টার ও ব্যানার প্রকাশিত হয়। পুরোনো রাজনৈতিক ছবিতে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুবলীগ নেতা এসএম রাশেদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে তাকে দেখা গেছে।

বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিএনপির আশ্রয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার চেষ্টা করছেন তিনি। এমনকি অর্থের বিনিময়ে বিএনপির অনুষ্ঠানের মঞ্চে ওঠার সুযোগ পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন, “আবদুল মাবুদ আওয়ামী লীগ করতেন বা দলটির কোনো পদে ছিলেন—এমন তথ্য আমার জানা নেই। তিনি ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তবে তার মঞ্চে বসা ঠিক হয়নি। কীভাবে তিনি সেখানে গেলেন, তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে আমরা বিব্রত।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিক বলেন, মাবুদ কখনো বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি ২০২১ সালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। বিএনপির সমাবেশে তার উপস্থিতি দেখে তিনিও বিব্রত হয়েছেন।

গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, মাবুদ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এখন রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকে বিএনপির ওপর ভর করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। এমন ব্যক্তির বিএনপির মঞ্চে উপস্থিতি ত্যাগী নেতাকর্মীদের কাছে খারাপ বার্তা দিয়েছে।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জাহাঙ্গীরও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে গড়দুয়ারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আবদুল মাবুদ তালুকদারের প্রচারণা চালানোর কথা জানিয়েছেন স্থানীয়রা। একই পদে উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনও দলীয় মনোনয়নপ্রত্যাশী।

সব মিলিয়ে বিএনপির অনুষ্ঠানের মঞ্চে আবদুল মাবুদের উপস্থিতি হাটহাজারীর রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। অতীত রাজনৈতিক পরিচয় ও মঞ্চে ওঠার সুযোগ কীভাবে তৈরি হলো, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

You may also like

Leave a Comment

;