আবু শাহাদাত নয়ন, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম ইউনিয়নের দক্ষিণ মোবারকঘোনা আবাসন প্রকল্প এলাকায় পারিবারিক বিরোধের জেরে রুবি আফরোজ (৪৫) নামে এক নারীর ওপর হামলা, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত ৩১ আগস্ট জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। অভিযোগের সঙ্গে তার চিকিৎসা সনদের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে রুবি আফরোজের পুত্রবধূ, বেয়াই-বেয়াইনসহ কয়েকজন আত্মীয়স্বজন রয়েছেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে রুবি আফরোজের পুত্রবধূ বাবার বাড়িতে চলে যান। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তিনি ফিরে আসতে রাজি হননি।
গত ৩১ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ মোবারকঘোনা আবাসন প্রকল্প এলাকায় মামুন সওদাগরের মুদি দোকানের সামনে রুবি আফরোজ তার দুই বছর বয়সী নাতি জুবায়েরকে দেখতে পান। এ সময় শিশুটিকে কোলে নিতে চাইলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়।
একপর্যায়ে তাকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে ইট-পাটকেল ও লাঠি দিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন রুমা আক্তার (২২) স্বামী শামসুদ্দিন নেজাম উদ্দিন (৫৫) নেহার বেগম (৫০) স্বামী নেজাম উদ্দিন জাহাঙ্গীর (১৯) রিমা আক্তার (৩০) মোহাম্মদ আরাফাত (১৮) এবং জসীম উদ্দীন (৩০), পিতা মো. কাশেম।
ভুক্তভোগীর অভিযোগ, হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং ডান হাতের কবজিতে রক্তাক্ত কাটা জখম হয়েছে। একই সময়ে তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলেও তিনি অভিযোগ করেন। ঘটনার পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় রুবি আফরোজ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানার ওসির কাছে আবেদন করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
