চকরিয়ায় বাস-জিটু মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী জিটু গাড়ি ও লাল-সবুজ রঙের একটি এসি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চকরিয়া ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদগাঁও থেকে চকরিয়াগামী একটি নাম্বারবিহীন যাত্রীবাহী জিটু গাড়ি নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ রঙের একটি এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮০৯০) সেটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে জিটু গাড়িটির ছাদ আলাদা হয়ে যায় এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় জিটু গাড়িতে থাকা নয়জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠান।

চিকিৎসাধীন অবস্থায় মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে মো. জসিম উদ্দিন (২৫), পিতা মৃত মতিউর রহমান, সাং খুটাখালী ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এবং কক্সবাজার সদর হাসপাতালে মো. জিয়াবুল হক (২৫), পিতা আমিনুল হক, সাং নতুন অফিস, খুটাখালী মারা যান।

এছাড়া নিহত অপর দুজন হলেন মো. রফিক (২৮), পিতা মৃত আবুল কাশেম, সাং পশ্চিম গজারিয়া, ঈদগাঁও এবং মো. শাহেদ (২৭), পিতা মৃত মঞ্জুর আলম, সাং ফুলছড়ি সিয়ালপাড়া, চকরিয়া।

অন্যদিকে গুরুতর আহত জিয়াবুল হক (৪০), মো. সরোয়ার (১৯), সৈয়দ আলম (৫০) ও মো. দেলোয়ার হোসেন (৩৫) মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সৈয়দ করিম (৩০) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া এবং আইনগত কার্যক্রম শুরু করেছে।

You may also like

Leave a Comment

;