এম এ জামাল উদ্দিন,সিলেটঃ সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবের বাজার দিঘীরপাড় গ্রামে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের মবশ্বির আলী ও বুদু উল্লাহর পরিবারের মধ্যে বসতভিটার জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বিরোধপূর্ণ জমিতে মবশ্বির আলী পক্ষের লোকজন বাঁশ কাটাসহ জমির দখল নেওয়ার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় বুদু উল্লাহর ছেলে আব্দুল্লাহ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জমি বিরোধের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চললেও শেষ পর্যন্ত তা প্রাণহানির ঘটনায় রূপ নেয়।
এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হাবিব বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
