শাবিপ্রবিতে খোয়াই বন্ধনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খোয়াই বন্ধন’-এর উদ্যোগে দেশীয় মৌসুমি ফলের গুরুত্ব তুলে ধরতে বর্ণাঢ্য মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই বন্ধনের সভাপতি মো. ত্বোহা মিয়া। যৌথভাবে সঞ্চালনা করেন ঊষার সাধারণ সম্পাদক শরিফুজ্জামান আতিফ এবং নৌশিন মুশফি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক, বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য এবং খোয়াই বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাজেরা আক্তার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. সাইদুর রহমান, বিএমবি বিভাগের প্রভাষক পাপিয়া রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক নুসরাত জাহান তৃষা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহিদ আলী, ‘দুধওয়ালা’র স্বত্বাধিকারী মোতাহের হোসেন সোহেল, খোয়াই বন্ধনের সাবেক সভাপতি শাকির আহমেদ রিপন ও মোর্শেদ আলম, এবং সাবেক সাধারণ সম্পাদক শাকিল হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ গোপ শাওন।

এ সময় খোয়াই বন্ধনের সদস্য নুসরাত জাহান তৃষা অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বক্তারা বলেন, দেশীয় মৌসুমি ফল শুধু পুষ্টির গুরুত্বপূর্ণ উৎসই নয়, বরং দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক জীবনধারারও অবিচ্ছেদ্য অংশ। দেশীয় ফলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও খোয়াই বন্ধনের এমন ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা দেশীয় বিভিন্ন মৌসুমি ফল উপভোগ করেন। প্রাণবন্ত এ আয়োজন মিলনমেলা, সৌহার্দ্য ও আন্তরিকতার এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।

You may also like

Leave a Comment

;