নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ টেকসই উন্নয়ন, মাদকাসক্তি ও যুবসমাজের অবক্ষয় রোধ এবং সহনশীল সমাজ প্রতিষ্ঠায় রোটারিয়ানদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
সোমবার (২৯ জুন) রাতে হবিগঞ্জ শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের ২০২৫-২৬ রোটাবর্ষের সমাপনী ও ২০২৬-২৭ রোটাবর্ষের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট মো. নোমান খান। সঞ্চালনা করেন বিদায়ী সেক্রেটারি সৈয়দ নজরুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস ডা. মো. জমির আলী, ক্লাব ফ্যাসিলিটেটর তবারক আলী লস্কর, চেয়ার ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন কবি তাহমিনা বেগম গিনি, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস মো. শরীফ উল্লাহ, ডিরেক্টর ইয়ুথ সার্ভিস হাফিজুর রহমান সুমন, চেয়ার মেম্বারশিপ মো. আবিদুর রহমান রাকিব, জয়েন্ট সেক্রেটারি প্রকৌশলী মো. শহিদুল হক, ট্রেজারার মো. দেওয়ান মিয়া, প্রেসিডেন্ট-ইলেক্ট নূর উদ্দিন জাহাঙ্গীর, আইপিপি মনির হোসেন, রোটারি ক্লাব অব খোয়াইয়ের প্রেসিডেন্ট হাবিবুর রহমান মুরাদ, সেক্রেটারি আল নোমান তন্ময় এবং রোটারি ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আজিজুর রহমান মান্নাসহ অন্যান্য রোটারিয়ানরা।
অনুষ্ঠানে বিদায়ী সেক্রেটারি সৈয়দ নজরুল হাসান ২০২৫-২৬ রোটাবর্ষে ক্লাবের বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। পরে আনুষ্ঠানিকভাবে রোটারি কলার পরিয়ে ২০২৬-২৭ রোটাবর্ষের প্রেসিডেন্ট নূর উদ্দিন জাহাঙ্গীর এবং সেক্রেটারি মো. দেওয়ান মিয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ সময় রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের ‘সিলভার অ্যাওয়ার্ড’ অর্জনে সংশ্লিষ্ট সকল সদস্যকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রোটারিয়ানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা’ এই মূলমন্ত্র ধারণ করে গত ১২১ বছর ধরে বিশ্বব্যাপী মানবসেবা, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নে অনন্য অবদান রেখে চলেছে রোটারি। বিশেষ করে বিশ্ব থেকে পোলিও নির্মূলে রোটারিয়ানদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, গত বছর রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল স্থানীয় পর্যায়ে দুঃস্থ পরিবারের পুনর্বাসনে সেলাই মেশিন বিতরণ, বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, ঈদ সামগ্রী, শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রতিবন্ধীদের চিকিৎসাসেবাসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। এসব উদ্যোগ শুধু মানুষের জীবনমান উন্নয়নে নয়, সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক পরিবর্তন আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, বর্তমান সময়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে, মাদকাসক্তি ও যুবসমাজের নৈতিক অবক্ষয় প্রতিরোধে এবং একটি মানবিক ও সহনশীল সমাজ গড়ে তুলতে রোটারিয়ানদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
