নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত মামলায় সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে খসড়া চার্জশিট প্রস্তুত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় ১৫০ পৃষ্ঠার এই খসড়া অভিযোগপত্র ও সংশ্লিষ্ট ডকেট আইনি মতামতের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ আর্থিক কেলেঙ্কারির এ ঘটনায় বাংলাদেশসহ সাত দেশের মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে ফিলিপাইনের ৩৬, বাংলাদেশের ১০, শ্রীলঙ্কার ৮, ভারতের ৪, চীনের ৩, নর্থ কোরিয়ার ২ এবং জাপানের ১ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে।
খসড়া চার্জশিটে ফরেনসিক বিশ্লেষণ, আন্তর্জাতিক সহযোগিতায় সংগৃহীত তথ্য-প্রমাণ এবং অর্থপাচারের জটিল নেটওয়ার্কের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। মামলার প্রমাণ হিসেবে প্রায় ১০ হাজার পৃষ্ঠার নথিপত্র সংযুক্ত করা হয়েছে।
সিআইডির ফিন্যানশিয়াল ক্রাইম ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আল মামুন জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শতভাগ তথ্য-প্রমাণের ভিত্তিতে একটি নির্ভুল খসড়া চার্জশিট প্রস্তুত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের আইনি মতামত পাওয়ার পর চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশি অভিযুক্তদের মধ্যে ড. আতিউর রহমান ছাড়াও রয়েছেন আনিস এ খান, কে এম আব্দুল ওয়াদুদ, শুভংকর সাহা, রেজাউল করিম, জোবায়ের বিন হুদা, এ এফ এম আসাদুজ্জামান, মেজবাউল হক, আবুল কাসেম ও মো. সুলতান মাসুদ আহমেদ।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে। পরে ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক ও আর্থিক চ্যানেলের মাধ্যমে অর্থ পাচার করা হয়।
তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সহযোগিতায় নর্থ কোরিয়ার হ্যাকার পার্ক জিন হিয়ক এবং তার নেতৃত্বাধীন ‘লাজারাস গ্রুপকে’ মূল অপরাধী হিসেবে শনাক্ত করা হয়। একই সঙ্গে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে পাচার হওয়া ৮১ মিলিয়ন ডলারের গতিপথও চিহ্নিত করা হয়েছে।
সিআইডির সাবেক তদন্ত কর্মকর্তা ও বর্তমান অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান দাবি করেন, তদন্ত চলাকালে কয়েক দফা বাংলাদেশি অভিযুক্তদের নাম বাদ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। তবে তথ্য-প্রমাণের ভিত্তিতে তিনি কারও নাম বাদ দিতে রাজি হননি। পরবর্তীতে তাকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে ড. আসিফ নজরুলের নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটির সূত্র জানায়, দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা মামলাটিকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। তদন্তে উঠে আসা দেশীয় অভিযুক্তদের নাম বাদ দেওয়ার চেষ্টা হলেও তা সফল হয়নি।
প্রায় এক দশক পর রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট প্রস্তুত হওয়ায় দেশের আর্থিক খাতে আলোচিত এই কেলেঙ্কারির বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
