নিজস্ব প্রতিবেদকঃ মোহাম্মদিয়া হাফেজুল উলুম দাখিল মাদ্রাসার প্রাক্তন উপাধ্যক্ষ মরহুম মাওলানা নুরুল আলম সিদ্দিকীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন করেন তাঁর সুযোগ্য ছেলে শিক্ষক, বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আরিফুল ইসলাম সিদ্দিকী।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অন্তর্গত কুঞ্জছায়া আবাসিক এলাকায় অবস্থিত মোহাম্মদিয়া হাফেজুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মরহুম মাওলানা নুরুল আলম সিদ্দিকী ছিলেন একজন আদর্শ শিক্ষক, দক্ষ সংগঠক ও মানবিক গুণাবলির অধিকারী ব্যক্তিত্ব। মাদ্রাসা প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি অক্লান্ত পরিশ্রম, মেধা ও দূরদর্শিতার মাধ্যমে প্রতিষ্ঠানটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠানটি সুনামের সাথে এগিয়ে গিয়ে এমপিওভুক্ত হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা আরও বলেন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান এলাকাবাসী আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, দায়িত্বশীল ও শিক্ষানুরাগী একজন মানুষ।
জানা যায়, ২০০৫ সালের মাঝামাঝি সময়ে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে পুনরায় শিক্ষকতায় ফিরে আসেন। তবে ২০০৭ সালের শুরুর দিকে আবারও স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। একই বছরের মে মাসের এক রোববার দুপুর ২টায় চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
দোয়া মাহফিলে মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।
