পদোন্নতির পরেও স্বপদে বহাল: চকরিয়া এলজিইডিতে প্রকৌশলী সৌরভ দাসকে ঘিরে বিতর্ক

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে উপজেলা প্রকৌশলী সৌরভ দাসকে ঘিরে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পদোন্নতি পাওয়ার পরও তিনি এখনো স্বপদে বহাল রয়েছেন, যার ফলে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পদোন্নতির পরও দায়িত্ব হস্তান্তর না করে দীর্ঘ সময় ধরে একই পদে বহাল থাকায় নতুনভাবে পদায়নপ্রাপ্ত কর্মকর্তার যোগদান প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সূত্র আরও জানায়, গত ৮ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে প্রকৌশলী আরিফ হোছাইনকে চকরিয়া উপজেলায় পদায়ন করা হয়। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি এখনো পূর্ণাঙ্গভাবে দায়িত্ব বুঝে নিতে পারেননি।

এদিকে, ১৩ এপ্রিল কাগজে-কলমে আরিফ হোছাইনের যোগদান দেখানো হলেও বাস্তবে দায়িত্ব গ্রহণে জটিলতা রয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে করে উপজেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজেও ধীরগতি দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, দাপ্তরিক নিয়ন্ত্রণ ধরে রাখা এবং বড় অঙ্কের বিল প্রক্রিয়াকরণে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করা হচ্ছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলী সৌরভ দাস বলেন, আমার পদোন্নতি হয়েছে, কিন্তু এখনো কোথাও পদায়ন করা হয়নি। চকরিয়ায় অন্য একজনকে পদায়নের বিষয়টি আমি শুনেছি, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাইনি।

ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত প্রশাসনিক সমাধান ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

You may also like

Leave a Comment

;