নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ হবিগঞ্জে খোয়াই নদী রক্ষা, নাগরিক আন্দোলন, প্রশাসনিক পদক্ষেপ ও বাস্তবতা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল ৪টায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি-এর উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক।
সভা শুরুর আগে খোয়াই ও পুরাতন খোয়াই নদীর বর্তমান সংকট, অবৈধ দখল, দূষণ এবং পুকুর-জলাশয়ের অবস্থা নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।
আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, রোটারিয়ান এম তবারক আলী লস্কর, সিদ্দিকী হারুন, অ্যাডভোকেট তাহমিনা খান জলি, লাখাই প্রেসক্লাবের সভাপতি মো. বাহার উদ্দিন, চলচ্চিত্রকার মোক্তাদির ইবনে ছালামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় খোয়াই নদীর নাব্যতা সংকট, শহরের দীর্ঘমেয়াদি ঝুঁকি, পুরাতন খোয়াই নদী, বাইপাস সড়কের খাল এবং পুকুর-জলাশয়ের বর্তমান অবস্থা গুরুত্বের সঙ্গে উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, নদীকে কেবল পানির উৎস হিসেবে দেখলে চলবে না এটি একটি জনপদের পরিবেশগত ভারসাম্য, কৃষি ব্যবস্থা, নৌ যোগাযোগ, জীববৈচিত্র্য, বন্যা নিয়ন্ত্রণ, পানি পুনঃচক্র এবং ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখার গুরুত্বপূর্ণ উপাদান। তিনি বলেন, হবিগঞ্জের পরিবেশের ভারসাম্য নির্ভর করে নদ-নদীগুলোর সুস্থতার ওপর। খোয়াইসহ সব নদী দখল ও দূষণমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে না আনলে পরিবেশ বিপর্যয় আরও ভয়াবহ হবে।
তিনি আরও বলেন, বিশেষ করে পুরাতন খোয়াই নদী খনন ও সংস্কার না করলে হবিগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে তোফাজ্জল সোহেল বলেন, খোয়াই নদী বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। প্রশাসনের কিছু উদ্যোগ থাকলেও বাস্তবায়ন ও ধারাবাহিকতার ঘাটতি স্পষ্ট। তিনি জানান, গত ১৫ এপ্রিল পরিকল্পনা কমিশন ‘পুরাতন খোয়াই নদী রেস্টোরেশন প্রকল্প’ অনুমোদনের সুপারিশ করেছে। প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এ প্রকল্পে নদীর ৪ কিলোমিটার অংশে দখল উচ্ছেদ, খনন, ওয়াকওয়ে ও তিনটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দ্রুত সীমানা নির্ধারণ করে প্রকল্প বাস্তবায়ন, বাইপাস সড়কের উভয় পাশের খাল খনন এবং পুকুর-জলাশয়গুলো বিজ্ঞানভিত্তিকভাবে সংস্কার করে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে হবে। আমরা কেবল কাগজে-কলমে সমাধান চাই না বাস্তবমুখী ও টেকসই উদ্যোগের বাস্তবায়ন দেখতে চাই, যোগ করেন তিনি।
