নিজস্ব প্রতিবেদকঃ কালোবাজারিদের অদৃশ্য সিন্ডিকেট যেন দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আড়ালে থেকে পরিচালিত এই চক্র বাজারব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল ও জনজীবনে ফেলছে গভীর প্রভাব।
নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ভারতীয় কাপড়, কসমেটিকস, বিদেশি সিগারেট, ওষুধ ও খাদ্যসামগ্রীসহ নানা পণ্য এই সিন্ডিকেটের মাধ্যমে বাজারে প্রবেশ করছে।
এই অদৃশ্য নেটওয়ার্কের পেছনে কারা রয়েছে তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু নেতা-কর্মীর ছত্রছায়ায় গড়ে উঠেছে এই সিন্ডিকেট। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পূর্বে আওয়ামী লীগ আমলে তাদের সঙ্গে সম্পৃক্ত থেকে এ চক্র পরিচালিত হলেও বর্তমানে তারা স্বাধীনভাবেই সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছে।
চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত টেরিবাজার ও রিয়াজ উদ্দিন বাজার যেখানে প্রতিদিন কোটি টাকার বৈধ বাণিজ্য হওয়ার কথা সেই বাজারই এখন পরিণত হয়েছে অবৈধ বিদেশি চোরাই পণ্যের প্রধান হাবে। ব্যবসায়ী ও একাধিক নির্ভরযোগ্য সূত্রের পক্ষ থেকে এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে, যা শুধু অর্থনৈতিক নয়, বরং জাতীয় নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, একটি সুসংগঠিত ‘চাঁদাবাজি কাঠামো’র মাধ্যমে প্রতিটি চালান বাজারে প্রবেশ করছে। নির্দিষ্ট হারে মাসোহারা আদায়ের বিনিময়ে অবৈধ পণ্য নির্বিঘ্নে বাজারজাত করা হচ্ছে। ফলে বৈধভাবে শুল্ক ও কর পরিশোধ করে পণ্য আমদানি করা ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই প্রতিযোগিতায় টিকতে না পেরে ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছেন। এতে বাজারে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা, যা দীর্ঘমেয়াদে পুরো বাণিজ্য কাঠামোকেই দুর্বল করে দিচ্ছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্রীয় কোষাগার। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসেই প্রায় ৪৬ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, টেরিবাজারের মতো গুরুত্বপূর্ণ পাইকারি কেন্দ্রে চোরাই পণ্যের অবাধ প্রবাহ এই ঘাটতির একটি বড় কারণ হিসেবে কাজ করছে। কর ফাঁকি দিয়ে আনা এসব পণ্যের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, যা দেশের সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এসব চোরাচালান রুট এখন ‘ডুয়াল-ইউজ করিডর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ, একই পথে যেমন পণ্য আসছে, তেমনি অপরাধী ও সন্ত্রাসী নেটওয়ার্কও নির্বিঘ্নে চলাচল করতে পারছে। অতীতে আলোচিত কয়েকটি ঘটনার আসামিরা একই ধরনের রুট ব্যবহার করেছে এমন আশঙ্কাও উঠে এসেছে বিভিন্ন সূত্রে। ফলে বিষয়টি এখন কেবল অর্থনৈতিক অপরাধের মধ্যে সীমাবদ্ধ নেই এটি জাতীয় নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে।
এদিকে, এত বড় অভিযোগের পরও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এতে জনমনে প্রশ্ন উঠেছে এই চোরাচালান সাম্রাজ্য কি কোনো অদৃশ্য ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে? নাকি প্রশাসনিক দুর্বলতা কিংবা অভ্যন্তরীণ অসংগতির কারণে এ ধরনের অপরাধ দমন করা যাচ্ছে না?
সচেতন মহলের মতে, এখনই যদি দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা না হয়, তাহলে টেরিবাজার ও রিয়াজ উদ্দিন বাজার শুধু অবৈধ বাণিজ্যের কেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি ঝুঁকিপূর্ণ হটস্পটে পরিণত হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি উঠেছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।
