চাঁদপুর প্রতিনিধিঃ পহেলা বৈশাখকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এলাকায় ইলিশের বাজারে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। উৎসবের বাড়তি চাহিদা ও সরবরাহ সংকটের সুযোগে ইলিশের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ১ কেজির বেশি ওজনের ইলিশ এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে গেছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে মেঘনা নদী তীরবর্তী আড়তগুলো ঘুরে দেখা যায়, নববর্ষ ঘিরে বাজারে ইলিশের দাম হঠাৎ করেই ঊর্ধ্বমুখী। আড়তদারদের ভাষ্য অনুযায়ী, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা পাইকারদের চাপে ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭,৫০০ থেকে ৭,৬০০ টাকায়। সেই হিসেবে প্রতি মণ ইলিশের দাম দাঁড়াচ্ছে ৩ লাখ থেকে ৩ লাখ ৪ হাজার টাকার মধ্যে।
অন্যদিকে মাঝারি আকারের (৪০০–৬০০ গ্রাম) ইলিশও কম দামে পাওয়া যাচ্ছে না। এসব ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৪০০ থেকে ২,৬০০ টাকায়, যা মনপ্রতি প্রায় ৯৬ হাজার থেকে ১ লাখ ৪ হাজার টাকায় দাঁড়িয়েছে।
স্থানীয় ক্রেতারা জানান, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া বাঙালির ঐতিহ্যের অংশ হওয়ায় উচ্চমূল্য সত্ত্বেও তারা কিনতে বাধ্য হচ্ছেন। তবে অনেকেই বলছেন, এমন দামে ইলিশ কেনা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
মাছ ব্যবসায়ীরা জানান, এ সময় চাহিদা বেড়ে গেলেও সরবরাহ তুলনামূলক কম। এর বড় কারণ হিসেবে মেঘনা নদী-তে দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞাকে দায়ী করা হচ্ছে। যদিও কিছু জেলে গোপনে মাছ ধরছেন এবং সাগর থেকেও ইলিশ এনে বাজারে তোলা হচ্ছে।
আড়তদারদের মতে, মতলবের নদীতীরবর্তী বাজারগুলো থেকে বড় আকারের ইলিশ অধিক দামে কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা, নারায়ণগঞ্জ ও দাউদকান্দি এলাকার পাইকাররা। এতে স্থানীয় বাজারে সরবরাহ আরও কমে গিয়ে দাম বেড়েছে অস্বাভাবিক হারে।
ষাটনল বাবুর বাজার-সহ বিভিন্ন আড়তে পাইকার ও খুচরা ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বাজারটির মৎস্য আড়তের সভাপতি মাহবুব মিয়াজী বলেন, ইলিশের সংকটের পাশাপাশি নববর্ষের বাড়তি চাহিদার কারণেই দাম বেড়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, পহেলা বৈশাখের পর বাজার স্বাভাবিক হয়ে আসতে পারে।
