কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে এক টানেই জেলেদের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইলিশ মোট ১০১ মণ। রোববার বিকেলে এসব ইলিশ শাহপরীর দ্বীপ জেটিঘাটে নিয়ে আসা হলে স্থানীয় ব্যবসায়ীরা প্রায় ৩৩ লাখ টাকায় মাছগুলো কিনে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপাড়ার আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ নামের একটি ট্রলারে এই বিপুল ইলিশ ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন ছিল আনুমানিক ৫০০ গ্রাম থেকে এক কেজিরও বেশি।
ট্রলারটির মাঝি নুরুল ইসলাম জানান, গত ৩ এপ্রিল শুক্রবার সকালে ১৫ জন জেলে নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। প্রথমদিকে মাছের দেখা না মিললেও রোববার ভোরে হঠাৎ এক টানেই জালে উঠে আসে বিপুল পরিমাণ ইলিশ। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী ফারুকের কাছে ৩৩ লাখ টাকায় মাছগুলো বিক্রি করা হয়।
শাহপরীর দ্বীপ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গনি বলেন, দীর্ঘদিন ধরে সাগরে ইলিশের দেখা কম মিলছিল, ফলে জেলেরা আর্থিক সংকটে পড়েছিলেন। একসাথে এত মাছ পাওয়ায় আগের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, ভালো দাম পাওয়ায় এসব ইলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
টেকনাফ উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার প্রতিবছর ৬৫ দিনের নিষেধাজ্ঞা এবং অক্টোবর মাসে অতিরিক্ত ২২ দিনের প্রজননকালীন নিষেধাজ্ঞা আরোপ করে। সংশ্লিষ্টদের মতে, এই নিয়ম যথাযথভাবে মানার ফলেই ইলিশের উৎপাদন ও আকার দুটিই বেড়েছে।
