রেলওয়ের উচ্ছেদে অনিয়মের অভিযোগ

অক্ষত গুদামেই ডিবির অভিযানে মাদক উদ্ধার, জনমনে প্রশ্ন

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনি এলাকায় রেলওয়ের জমি দখল করে মাদকের গুদাম গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে এ অবৈধ বাণিজ্য নির্বিঘ্নে পরিচালিত হয়ে আসছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, সম্প্রতি রেলওয়ের পক্ষ থেকে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে কলোনির বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও টাইগারপাস-দেওয়ানহাট ব্রিজের নিচে অবস্থিত কয়েকটি গুদাম রহস্যজনকভাবে অক্ষত রাখা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক লাখ টাকার বিনিময়ে এসব অবৈধ গুদাম উচ্ছেদ তালিকা থেকে বাদ দেওয়া হয়। উদ্দেশ্যমূলকভাবে সেগুলো অক্ষত রেখে অভিযান পরিচালনা করা হয়েছে বলেও দাবি তাদের। এমনকি সংশ্লিষ্ট একটি কল রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা জানান, উচ্ছেদ অভিযানের আওতায় ব্রিজের নিচের গুদামগুলোও থাকার কথা ছিল। কিন্তু অজানা কারণে তা বাস্তবায়ন করা হয়নি। ঘুষের বিষয়ে সরাসরি কিছু না বললেও তিনি বিষয়টি নিজে প্রত্যক্ষ করেননি বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “অভিযোগ প্রমাণ করতে পারলে আমি তাৎক্ষণিকভাবে চাকরি ছেড়ে দেব।” পরে তিনি পুনরায় যোগাযোগ করে অভিযোগকারীসহ প্রতিবেদককে তার কার্যালয়ে এসে বিস্তারিত আলোচনার আহ্বান জানান।

এদিকে একই এলাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় পুরো ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম খান, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারদের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

গতকাল ৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে সিএমপির কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনি সংলগ্ন দেওয়ানহাট ব্রিজের নিচে ‘শহীদের গুদাম’-এর সামনে অভিযান চালিয়ে ৭৪৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় মোহাম্মদ রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-১০, তারিখ ৫ এপ্রিল ২০২৬ ইং, রুজু করা হয়েছে।

একই স্থানে উচ্ছেদ অভিযানে অনিয়মের অভিযোগ এবং পরবর্তীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।

You may also like

Leave a Comment

;